This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

সুদ নিয়ে বিভ্রান্তি


ইদানিং সুদ নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে। অনেকে সুদের কিছু প্রকারকে জায়েজ বলে চালানোর চেষ্টা করেন। বিশেষ করে সূরা ইমরানের ১৩০ নং আয়াতকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও অনুরূপ কথা বলেছেন, চক্রবৃদ্ধি হলে সুদ হবে, নতুবা নয়।আসুন দেখি সুদের ব্যাপারে ইসলাম কি বলে?
সুদের বিরোধীতা করে পবিত্র কুরআনে চারটি ধাপে আয়াত নাজিল হয়।

সূরা : আর-রূম 
আয়াত ৩৯: “যে সূদ তোমরা দিয়ে থাকো, যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায়, আল্লাহর কাছে তা বাড়ে না। আর যে যাকাত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো, তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে”।
এই আয়াতগুলো নাজিল হয় ৬১৫ খৃস্টাব্দে। তার মানে হিজরতের প্রায় ৮ বছর পূর্বে। এখানে আল্লাহ তায়ালা সুদকে নিরুৎসাহিত করেছেন। সরাসরি কোন নির্দেশনা দেননি। যাকাত এবং দানকে উৎসাহিত করেছেন। এখানে আল্লাহ তায়ালা শুধু বলেছেন, সুদের কারণে সম্পদের বৃদ্ধি হয় না, যদিও মানুষ তা মনে করে। 

সূরা : সূরা আন নিসা
আয়াত ১৬১: “আর এ কারণে যে, তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে, তারা অপরের সম্পদ ভোগ করতো অন্যায়ভাবে। বস্তুত; আমি কাফেরদের জন্য তৈরী করে রেখেছি বেদনাদায়ক আযাব”।

এই আয়াতগুলো নাজিল হয় হিজরতের প্রায় তিন বছর পর। এখানে ইহুদীদের কথা বলা হয়েছে। তাদের উপর সুদ নিষিদ্ধ ছিল। আযাবের কথা উল্লেখ করে মুসলিমদের স্পষ্ট সতর্ক করে দেয়া হলো এটা নিষিদ্ধ। এই আয়াত থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুদ মুসলিমদের জন্যও কড়া নিষিদ্ধ হতে যাচ্ছে।

সূরা : সূরা আল ইমরান 
আয়াত ১৩০ : হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।

এরপর সূরা আলে ইমরানের এই আয়াতগুলো নাজিল হয়। এবার মুসলিমদের জন্য স্পষ্ট নির্দেশ আসলো সুদ গ্রহন করা যাবেনা। এখানে আল্লাহ তায়ালা বলেছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। এখানে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াতে চায় যে, সরল সুদ জায়েজ শুধু চক্রবৃদ্ধি হারে খাওয়া নাজায়েজ। সরল সুদ মানে যেটা বছর বছর বাড়বে না। তার মানে কেউ যদি ১০০০ টাকা ঋণের বিনিময়ে ১১০০ টাকা নেয় তাহলে তা বৈধ। বস্তুত প্রকৃত কথা হলো
ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের একটা বড় কারণ এই ছিল যে, ঠিক বিজয়ের মুহূর্তেই ধন-সম্পদের লোভ তাঁদের ওপর প্রাধান্য বিস্তার করে বসে এবং নিজেদের কাজে পূর্ণরূপে শেষ করার পরিবর্তে তারা গনীমাতের মাল আহরণ করতে শুরু করে দেন। তাই মহাজ্ঞানী আল্লাহ এই অবস্থার সংশোধনের জন্য অর্থলিপ্সার উৎস মুখে বাঁধ বাঁধা অপরিহার্য গণ্য করেছেন এবং সুদ খাওয়া পরিহার করার নির্দেশ দিয়েছেন যা চক্রবৃদ্ধি হারে গ্রহন করা হয়। এই সুদের ব্যবসায়ে মানুষ দিন-রাত কেবল নিজের লাভ ও লাভ বৃদ্ধির হিসেবেই ব্যস্ত থাকে এবং এই কারণে মানুষের মধ্যে অর্থ লালসা ব্যাপক ও সীমাহীন হারে বেড়ে যেতে থাকে।

সূরা : সূরা আল বাক্বারাহ
 
আয়াত ২৭৫ : কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে, তারা বলেঃ  ব্যবসা তো সুদেরই মতো। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসীহত পৌছে যায় এবং ভবিষ্যতে সুদখাওয়া থেকে সে বিরত হয়, সে ক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তাতো খেয়ে ফেলেছেই এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে, সে জাহান্নামের অধিবাসী।সেখানে সে থাকবে চিরকাল।  

আয়াত ২৭৬ :  আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন। আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতকারীকে পছন্দ করেন না।

আয়াত
২৭৭ : অবশ্যি যারা ঈমান আনে, সৎকাজ করে, নামায কায়েম করে ও যাকাত দেয়, তাদের প্রতিদান নিসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোন ভয় ও মর্মজ্বালাও নেই।

আয়াত
২৭৮ : হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ঈমান এনে থাকো। 

আয়াত
২৭৯ : কিন্তু যদি তোমরা এমনটি না করো তাহলে জেনে রাখো, এটা আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখনো তাওবা করে নাও ( এবং সুদ ছেড়ে দাও ) তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে।তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপর জুলুম করাও হবে না।

চতুর্থ ধাপে এসে সূরা বাকারার ২৭৫
থেকে ২৭৯ নম্বর আয়াতের মাধ্যমে সর্বপ্রকারের সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে দুই প্রকার রিবার কথা বলা হয়েছে। প্রথম প্রকার হলো, রিবা আন-নাসিয়াহ বামেয়াদি সুদ। এটা হলো প্রকৃত সুদ বা প্রাথমিক সুদ। কুরআনের আয়াতের মাধ্যমে এধরনের সুদকে নিষিদ্ধ করা হয়েছে। ইমাম আবু বকর জাসসাস ও আল রাজি রিবা আননাসিয়ার যে সংজ্ঞা দিয়েছেন, তা হলো- যে ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকে এবং মূলধনের অতিরিক্ত প্রদানের শর্ত থাকে, সেটাই রিবাআন-নাসিয়াহ।

রিবা আল ফজল হারাম হওয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি রা: বলেন, একদা বিলাল রা: রাসূলে করিম সা:-এর সমীপে উন্নত মানের কিছু খেজুর নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সা: তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এ খেজুর আনলে? বিলাল রা: উত্তর দিলেন, আমাদের খেজুর নিকৃষ্ট মানের ছিল। আমি তার দুই সাঃ-এর বিনিময়ে এক সাঃ উন্নতমানের বারমি খেজুর বদলিয়ে নিয়েছি। রাসূলুল্লাহ সা: বললেন, ওহ! এত নির্ভেজালসুদ। এরূপ কখনো করো না। তোমরা যদি উত্তম খেজুর পেতে চাও, তাহলে নিজেরখেজুর বাজারে বিক্রি করবে, তারপর উন্নত মানের খেজুর কিনে নেবে। যেহেতু বর্তমান ব্যাংকিংয়ে ঋণের বিপরীতে সময় বেঁধে দিয়ে সুদ নেয়া হয়, সেহেতু তা রিবা আন-নাসিয়ার অন্তর্গত, যা কুরআনের আয়াত দ্বারা নিষিদ্ধ হয়েছে।

আবার অনেকে মনে করেন, কুরআন ও হাদিসে যে রিবার উল্লেখ আছে, তার অর্থ ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক প্রয়োজন পূরণের জন্য দেয়া ঋণ, যাকে প্রচলিত ভাষায় মহাজনীসুদ বা উসারি বলা হয়। কিন্তু আজকের দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক দেয়া ঋণ উৎপাদন ও মুনাফাভিত্তিক খাতে দেয়া হয়। এখানে ঋণগ্রহীতা ব্যাংকের টাকা দিয়ে ব্যবসায় করে নিজে লাভবান হন। তা ছাড়া এ জাতীয় সুদ হলো ব্যবসায়িক বা তেজারতি সুদ যা ব্যবসায়িক লেনদেনের মতোই উভয়ের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়ে থাকে, কোনো জবরদস্তি থাকে না, সুদের হার যথেষ্ট কম, এর মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়, অর্থনীতির চাকা হয় গতিশীল। তাই এ জাতীয় সুদ ইসলামে নিষিদ্ধ নয়। তাদের এ যুক্তি একেবারেই অসার ও ভুল। কারণ, জাহেলি যুগে ব্যবসাবাণিজ্যের জন্য রীতিমতো পুঁজি লগ্নি করা হতো এবং সে জন্য সুদ আদায় করা হতো। সে সময়ে অনেকেই আজকের মতো ফার্ম খুলে এজেন্ট নিয়োগ করে সুদে পুঁজি খাটাত। এদের মধ্যে রাসূল সাঃ-এর চাচা আব্বাস ইবনে আবদুল মুত্তালিব ও বনু মুগিরার বিশেষ প্রসিদ্ধি ছিল। তাদের আদায়কৃত সুদকে আরবিতে রিবা বলা হতো। রাসূল সাঃ তাঁর চাচার সুদি কারবার বন্ধ করে দেন এবং গ্রাহকের কাছে প্রাপ্যবকেয়া সুদ রহিত করে দিয়েছিলেন।

সুতরাং সুদ সুদই। সুদ জায়েজ করার সকল চিন্তাই শয়তানী চিন্তা। এর থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে। অনেকে সুদী ব্যাংকে চাকুরী করাকেও নানানভাবে জায়েজ করার চেষ্টা করেন। সেটাও স্পষ্টভাবে হারাম।

জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, “রাসুলুল্লাহ (সাঃ) তাদেরকে অভিশম্পাত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের টাকার কথা লিখে রাখে এবং যারা সুদের টাকার স্বাক্ষী থাকে। তারা সবাই একই রকম”।
(সহীহ মুসলিম, হাদীস নং ১৫৯৮, আবূ দাউদ/৩৩০০, তিরমীযী/১২০৯)
অতএব সুদী ব্যাংকে চাকুরী করা বৈধ নয়। আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফীক দান করুন। আমাদের সীরাতুল মুস্তাকীমের পথে রাখুন। আমীন।

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

একটি কঠিন প্রশ্ন


নুহার বয়স দু’ বছর। খুব পাকা পাকা কথা বলে। বাবার সাথে দুনিয়ার গল্প করে। প্রশ্ন করে জর্জরিত করে। বাবা আশিক সাহেব চা-পোষা মানুষ। অফিসের কেরানীর চাকুরি করে খুব দ্রুত ছুটে আসে মেয়ের কাছে। মেয়ের শত আবদার রক্ষা করাই যেন তার একমাত্র কাজ। ঐ কাজে এত শান্তি পান তিনি যা ভাষায় বর্ণনা করার মত না। মেয়েটিও বাবার জন্য পাগল। তিনি না খাওয়ালে সে খাবেই না। দাদী কিংবা ফুফি কারো হাতেই না। বাবা হাত না বুলালে সে খাবে না।

মেয়েটা পাশে না থাকলে মাঝে মাঝে আশিক সাহেবের মন আনচান করে উঠে। অফিসে প্রায়ই আশিক সাহেবের এমন হয়। তিনি আর টিকতে পারেন না, দৌড়ে বাসায় আসেন। এসে হয়তো দেখেন মেয়েটা দুপুরের খাবার খেয়ে ঘুমুচ্ছে অথবা আপন মনে খেলছে। বাবুটার মাথায় আলতো হাত বুলিয়ে, কপালে একটু করে চুমু দিয়ে তিনি আবার তার কাজে ফিরে যান। এই মেয়েটিই মাঝে মধ্যে আশিক সাহেবকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন করে বসে। বাবা, আমার মা কে তুমি কি করেছ? সবার মা আছে, আমার মা নাই কেন? আশিক সাহেব কোন উত্তর দিতে পারেন না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। কখনো অন্য কিছু বলে প্রসঙ্গ এড়াতে চান। আবার মাঝে মধ্যে নিজেকেই সান্তনা দিতে পারেন না তিনি। মেয়েকে বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদেন। মেয়েটিও বাবার সাথে কিছুই না বুঝে কাঁদে।

এখন থেকে বছর নয় আগে আশিক সাহেবের বিয়ে হয় শিরিনের সাথে। শিরিনের মামার পরিচিত ছিল আশিক সাহেব। তিনিই প্রস্তাব নিয়ে এসেছিলেন। সবকিছু দেখে শুনে শিরিনের বাবা বিয়েটা নাকচই করে দিলেন। কারণ আশিক সাহেব গরিব মানুষ। সে নিজেই খেতে পায়না শিরিনকে কি খাওয়াবে? শিরিনের মামার এক কথা, মানুষটা গরিব হলেও ভালো। চরিত্রবান। এমন ছেলে এখন পাওয়া সহজ নয়। আশিক সাহেব বলেন, আমি আর্থিক দিক দিয়ে গরীব হতে পারি কিন্তু মনের দিক দিয়ে কখনোই নই। আমি ডালভাত খাই, মাস শেষে জমানো টাকা খুব একটা থাকেনা। আমাকে আল্লাহ যা দিয়েছেন তাতে দু’জনের হয়ে যাবে ইনশাআল্লাহ। এ সরল কথাগুলোই মনে ধরে শিরিনের। সে গোঁ ধরে বিয়ে যেন আশিক সাহেবের সাথেই হয়।

অবশেষে সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হলো। সুন্দর সংসার আশিক-শিরিনের। এর মধ্যেও ছিল কিছুটা অপ্রাপ্তি। যা দুজনকেই প্রায় সময় বিষাদে আচ্ছন্ন করে রাখে। তাদের কোন সন্তান ছিল না। কত ডাক্তার-কবিরাজ দেখালেন। আল্লাহর কাছে চাইলেন। কিছুতেই কিছু যেন হবার নয়। অবশেষে তাদের বিয়ের সাত বছরের মাথায় আল্লাহ তাদের দিকে মুখ তুলে চাইলেন। শিরিন জানালো, তাদের সন্তান হচ্ছে। আশিক সাহেব অতি টানাটানির সংসারে দশ কেজি মিষ্টি কিনে বিতরণ করলেন, অভাবীদের খাওয়ালেন। শত শত টাকা ফকির-মিসকিনকে দান করলেন।

আস্তে আস্তে সন্তানের জন্মের সময় ঘনিয়ে আসলো। সবকিছু ঠিকঠাক চলছিলো। হঠাৎ একদিন শিরিনের ভীষন পেইন শুরু হয়। শিরিনকে হাসপাতালে ভর্তি করানো হলো। বাচ্চার হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা সিদ্ধান্ত দিলেন, এখনি সিজার করতে হবে। দুই ব্যাগ রক্ত লাগবে। আশিক সাহেব ব্যস্ত হয়ে পড়েন। রক্ত যোগাড় করার জন্য চারদিকে ফোন করেন। এদিকে শিরিনের অবস্থাও দ্রুত খারাপ হচ্ছে। শিরিনের রক্তের গ্রুপ বি নেগেটিভ পরিচিত কারো কাছেই রক্ত পাওয়া যাচ্ছে না। এদিকে অপারেশন শুরু করা যাচ্ছে না। ডাক্তাররা একটি ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে দিলেন। সেখানে বি নেগেটিভ রক্ত পাওয়া গেলো। আশিক সাহেব গেলেন রক্ত আনতে। ডাক্তাররাও অপারেশন শুরু করে দিলেন নিশ্চিন্তে।

আশিক সাহেব স্থানীয় জামায়াতের ইউনিট সেক্রেটারী। স্বৈরাচারী আওয়ামী সরকারের পুলিশ সবসময় তাকে খুঁজে বেড়ায়। আশিক সাহেবের মনে খুব আস্থা, যেহেতু তিনি কখনো কারো ক্ষতি করেন নি তাই তার কিছু হবে না। এলাকাবাসী সবসময় তার পাশে থাকবে। আশিক সাহেব যেভাবে এলাকাবাসীদের যে কোন প্রয়োজনে পাশে থাকেন, এলাকাবাসীও তাকে সেভাবে ভালবাসে। তাই অন্যান্য নেতৃবৃন্দের মত তিনি আত্মগোপনে থাকতেন না। তাকে কয়েকবার আটক করার জন্য পুলিশ এসেছিলো। কিন্তু এলাকার সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তাকে আটক করা যায় নি।

পুলিশ আগে থেকে আশিক সাহেবকে ফলো করছিলো। তিনি যখন ব্লাড ব্যংক থেকে রক্ত নিয়ে বের হলেন তখনই তাকে আটক করে থানায় নিয়ে গেল। আশিক সাহেব অনেক অনুনয় করলেন। তার কোন কথা শোনা হয় নি। হাসপাতাল, তার স্ত্রী, রক্ত সব কথা বললেন কিন্তু নরপিচাশ কোন পুলিশ তার কথা শুনলো না। নীতিতে অটল আশিক সাহেব কখনোই কারো সামনে মাথা নত করেন না। সেই আশিক সাহেব হঠাৎ ওসির পা জড়িয়ে ধরলেন, বললেন স্যার প্লিজ আপনি আমাকে ছাড়ার দরকার নেই, দয়া করে এই রক্তের ব্যাগটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। ওসি কষে লাথি মারে আশিক সাহেবকে। হতচকিত হয়ে ছিটকে পড়েন তিনি। পুলিশ এক ঝটকায় আশিক সাহেব থেকে কেড়ে নিল রক্তের ব্যাগ। ছুঁড়ে ফেলে দিল পাশের নর্দমায়। আশিক সাহেব স্তম্ভিত হয়ে পড়েন। বাকরুদ্ধ হয়ে পড়েন। কিছুই বলতে পারেন না। কেবল নোনা জল ছেড়ে প্রভুর দরবারে প্রার্থনা করতে থাকেন তার প্রাণপ্রিয় স্ত্রীর আর সন্তানের জন্য।

এদিকে ডাক্তাররা অত্যন্ত অবাক হচ্ছেন। শিরিনের অবস্থা খুবই খারাপ। অথচ আশিক সাহেব রক্ত নিয়ে এখনো ফিরছেন না। আশিক সাহেবের মা ওটির সামনে দৌড়াদৌড়ি করছেন, কি করবেন বুঝতে পারছেন না। একদিকে ডাক্তার তাড়া দিচ্ছে। অন্যদিকে আশিকের ফোন নাম্বার বন্ধ। ইতিমধ্যে হাসপাতাল কাঁপিয়ে নবজাতক জানান দিল সে পৃথিবীতে এসেছে। জ্ঞানহারা শিরিন হঠাৎ জেগে উঠলো, ডাক্তার কে কাছে ডেকে ফিস ফিস করে বললো, বাবুটাকে আমার কাছে দিন। শিরিন নার্স থেকে বাবুটাকে নেয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। বাবুর দিকে তাকিয়ে অশ্রু ছেড়ে দিয়ে বললো, তোর বাবাকে পুলিশ নিয়ে গেছে। আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে। তুই ভালো থাকিস।

ব্যাস অতটুকুই। আবার জ্ঞান হারালো শিরিন। আশিক সাহেবের মা অনেক চেষ্টা করে রক্ত আবার যোগাড় করলেন। কিন্তু ততক্ষনে অনেক দেরী হয়ে গেলো। শিরিনের ঘুম আর কখনোই ভাংলো না। ডাক্তার অবাক হলেন শিরিনের কথাগুলো শুনে। আশিককে কখন পুলিশ নিয়ে গেল কেনইবা নিয়ে গেল? কিছুই বুঝতে পারেন না তিনি। শিরিন তার বাবুটাকে যে কথাগুলো বলেছিলো সেগুলো ডাক্তার আশিক সাহেবের মাকে জানালেন। তিনি অত্যন্ত অবাক হলেন, জরুরী খবর নিয়ে জানলেন সত্যিই আশিক থানায়।

রাত এগারোটার দিকে থানায় বাবুটাকে নেয়া হল, আশিক সাহেবের দিকে তাকিয়ে বাবুটা সেদিন যেন কেঁদে কেঁদে বহু প্রশ্ন করেছিলো। আশিক সাহেব সেদিন কোন উত্তর দিতে পারেন নি। আজও না। আজও তিনি পারেন না নুহার কঠিন প্রশ্নটার জবাব দিতে...

#দুঃসময়ের_গল্প 

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

অন্যরকম ভালোবাসা



 রাত পৌনে একটা। জীর্ণ একটি টিনশেড আধাপাকা ঘর। একটি গাড়ি এসে দাঁড়ালো। চালক কয়েকটি পানির বোতল নিয়ে গাড়ি থেকে নামলেন। বাড়ির সামনে পাঁচটি ছোট কবর। সেই কবরগুলো ঘিরে রয়েছে অনেকগুলো ফুলগাছ। চালক হাতের পানির বোতলগুলো থেকে প্রত্যেকটি গাছের গোড়ায় পানি দিতে লাগলেন। পানি দেয়া শেষে কবরগুলোর দিকে তাকিয়ে কাঁদতে থাকলেন। কখনো কখনো কবরগুলোতে হাত বুলাতে লাগলেন। এভাবে করতে করতে রাত শেষ হয়ে এলো। মুয়াজ্জিনের আযানে চালক সম্বিত ফিরে পেলেন। দ্রুত খালি বোতলগুলো নিয়ে আবার গাড়িতে উঠলেন। চলতে শুরু করলো গাড়ি।

সায়েমের বাগান করার খুব শখ। বাড়িতে তার বাগান ছিল। কিন্তু ভার্সিটির হলে সে বাগান কই পাবে? তার উপরে সে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে। যেখানে মানুষের জায়গা হওয়াই কঠিন, বাগান তো পরের কথা। তারপরও সায়েম বাগান করার ব্যাপারে বদ্ধপরিকর। হোস্টেলের ছাদ তালা মারা। ছাদে যাওয়া ভীষন বারণ। কোনভাবেই সে ছাদে বাগান করার অনুমতি পেলনা। অবশেষে সে রুমের বারান্দায় কয়েকটি টব কিনে গাছ লাগায়। এতে তার বাকী রুমমেট দু’জন ভীষন বিরক্ত। তারা আগের মত বারান্দায় আরাম করে বসতে পারেনা। কাপড় শুকাতেও অসুবিধে হয়। মাঝে মাঝে সায়েম গাছগুলোতে পানি দিলে বারান্দা ভিজে নষ্ট হয়ে যায়। এতসব অভিযোগের পরও নানানভাবে রুমমেটদের ম্যানেজ করে তার বাগান কার্যক্রম চালাতে থাকে। মাস দুয়েক পর যখন সবগুলো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটতে থাকে তখন অবশ্য রুমমেটদের অবস্থান পরিবর্তন হয়। সায়েম যখন মাঝে-মধ্যে দেখে তার কোন রুমমেট গাছগুলোতে পানি দিচ্ছে তখন সায়েমের মন আনন্দে নেচে উঠে।

ফুলগাছগুলো সায়েমের কাছে শুধুমাত্র গাছ ছিলনা। বরং বলা যেতে পারে সায়েমের বেস্টফ্রেন্ড। সায়েম তাদের সাথে বসে বসে গল্প করে। তাদের গান শোনায়, নিজেও তাদের কাছ থেকে গান শুনে। হুট করে কেউ দেখে ফেললে চমকে উঠে বলে কই আমি কারো সাথে কথা বলছিনা! আমি আপন মনে গান করছিলাম। অনেকে মনে করতো সায়েম বোধহয় মাথার তার দুটা ছিঁড়া। নইলে গাছের সাথে এত কিসের মাখামাখি। কিন্তু বাস্তবে এই ব্যাপারটা ধোপে টিকতো না। কারণ বাস্তবে সায়েম ছিল অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান, মানুষের কাছে অতিপ্রিয় সদালাপী একজন মানুষ।

সায়েম শুধুমাত্র ফুলগাছ নিয়ে পড়ে থাকতো ব্যাপারটি সেরকম কিছু নয়। সে রাজনীতিও করে। দেশ গড়ার রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি। জালিম সরকারের কাছে জনপ্রিয় এই ছেলেটি মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়। একদিন রাতে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। থানায় ভীষণ অত্যাচার চালাতে থাকে সায়েমের উপর। সায়েম অত্যন্ত দৃঢ় মনোবল সম্পন্ন। সে চিন্তা করে রেখেছিলো জালিম পুলিশদের কাছে কিছু চাইবেনা। উহ আহ ও করবেনা। দাঁতে দাঁত চেপে একের পর এক নির্যাতন সহ্য করে যাচ্ছিল। ঘন্টা দুয়েক মার খাওয়ার পর সায়েমের মনে হচ্ছে তৃষ্ণায় বুক ফেটে যাবে। সে অস্ফুট স্বরে বলে উঠলো পানি... পানি...

তাকে যে পুলিশটি বেশী মারছিলো তার নাম ঝন্টু। সায়েম অবাক হয়ে দেখলো ঝন্টুই পানি নিয়ে আসলো। ঝন্টু ধীরে ধীরে পানি গ্লাসে ঢাললো। তারপর তাকে পানি না দিয়ে সে নিজে একটু একটু করে চুমুক দিয়ে পানি খেতে লাগলো। এতে সায়েমের তৃষ্ণা আরো কয়েকগুণ বেড়ে যায়। চোখ বন্ধ করে সে আল্লাহকে ডাকতে থাকে। উপুড় করে সায়েমকে ফেলে অল্প কিছু পানি মেঝে ছড়িয়ে বলে চেটে চেটে খা। সায়েম শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর কিছু বলেনা। এরপর সায়েম একটি চেয়ারে বসানো হলো। হাত-পা চেয়ারের হাতল ও পায়ার সাথে বেঁধে দুই কানে চিমটি দিয়ে বৈদ্যুতিক তার সংযোগ করে বলে। তোকে এখন কারেন্ট শক দিয়ে মেরে ফেলবো। যদি বাঁচতে চাস তবে তোর সঙ্গীদের ঠিকানা দে। সায়েম কিছু বলেনা। কেবল চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকে। সুইচ অন করে ঝন্টু। ঝাড়া তিরিশ সেকেন্ড। সায়েম ফুসফুস যেন ফেটে যাওয়ার উপক্রম। পুরো মুখে সব রক্ত জমে গিয়েছে। সায়েম লক্ষ্য করে তার মুখ শুকনো খটখটে হয়ে গিয়েছে। আর টিকতে পারেনা। তৃষ্ণায় ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে।

হঠাত সায়েম লক্ষ্য করে তার বারান্দার প্রিয় সব ফুলগাছ। তার একান্ত বন্ধু। সবাই দৌড়ে আসছে। আলমান্ডা আর হাসনাহেনা ভীষন জোরে নড়ে নড়ে বাতাস করতে থাকে। শিউলি বেলী আর টগর মিলে কুড়ানো পাতা সব উড়িয়ে সায়েমের মুখের সামনে ধরে আর সেখান থেকে নিঃসৃত হতে থাকে পাতার রস। আহা! কি মধু কি মিষ্টি। সায়েমের সব যন্ত্রনা মুহুর্তেই বিলীন হয়ে যায়। হুট করে আবার জ্ঞান ফেরে সায়েমের। অবাক হয়ে সায়েম লক্ষ্য করে সে ভীষন ঝরঝরে। যন্ত্রনা মোটেও নেই। মুখে এখনো সেই মিষ্টি পানির স্বাদ। কোন তৃষ্ণা নেই। কৃতজ্ঞতা প্রকাশ করে মহান রবের আর ভালোবাসার আবেগে বুকটা ভরে উঠে গাছগুলোর জন্য।

থানা হাজতে এভাবে নির্যাতন চলতে থাকে দুইদিন। আর সায়েমের সেবা করে যাচ্ছে গাছগুলো। অবশেষে পুলিশ নামের পাষন্ডরা তার থেকে কোন কথা বের করতে না পেরে তার দুই পায়ে গুলি করে। তাদের ইচ্ছে ছিল পঙ্গু করে দিবে সায়েমকে। গুলিবিদ্ধ সায়েমকে হাসপাতালে ভর্তি করায়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানান, ক্ষতস্থান কয়েকদিন আগের। ইনফেকশন হওয়ার যথেষ্ট আশংকা রয়েছে। যদি ইনফেকশন হয় তাহলে পা কেটে ফেলা ছাড়া আর কোন উপায় নেই। কাঁদতে থাকে সায়েমের বাবা মা ভাই বোন। ডাক্তার অনেকগুলো পরীক্ষা দেয়। রাতে সায়েম ঘুমিয়ে পড়লে আবার সেই গাছগুলোর সাথে দেখা হয়। তারা সবাই কাঁদতে থাকে আর সান্তনা দিয়ে সায়েমকে বলে আমরা আমাদের মত চেষ্টা করছি। তোমার কোন ক্ষতি হবেনা।

পরদিন সবগুলো টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার সিদ্ধান্ত দেন অপারেশন করে বাম পাটা কেটে ফেলতে হবে। ওটায় মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে। সায়েমের বাবা-মা রাজী না হয়ে উপায় থাকেনা। ছেলেকে বাঁচানোর জন্য একটা পা কেটে ফেলতেই হবে। অপারেশন হবে আরো দুদিন পর। রাতে আবার ঘুমিয়ে পড়লে সায়েম দেখে তার প্রিয় গাছগুলো এসেছে। তারা অনেকগুলো গাছের পাতা একত্র করে লাগিয়ে দিচ্ছে। নানান ধরণের ঔষুধ লাগিয়ে দিচ্ছে। আর সবাই সমানে কাঁদছে। সান্তনা দিচ্ছে। মিষ্টি রস খাওয়াচ্ছে। যাওয়ার সময় বলে গেল, ডাক্তারকে যেন রিকোয়েস্ট করে টেস্টগুলো আবার করাতে।

ঘুম থেকে উঠে সায়েম লক্ষ্য করে তার পায়ের যন্ত্রণা অনেক কমে গিয়েছে। সে তার বাবার কানে কানে বলে বাবা আমার মনে হয় পা না কাটলেও চলবে। আপনি ডাক্তারকে একটু বুঝিয়ে বলুন যেন টেস্টগুলো আবার একটু করতে বলে। বাবা বলেন, কেন তোর এমন মনে হচ্ছে? সে বিশদ না বলে বললো, এমনিই মনে হচ্ছে তাই বললাম। ডাক্তার আসলে সায়েমের বাবা আবার টেস্ট করানোর কথা বললে অবিশ্বাসের চোখে ক্ষতস্থান দেখতে দেখতে বললেন এক রাতের মধ্যে কি আর পরিবর্তন হবে? তবুও সায়েমের বাবার পীড়াপীড়িতে আবার টেস্ট করালেন। এবার সবগুলো টেস্টেই পজেটিভ রিপোর্ট আসলো। ডাক্তার কিছু না বুজতে পেরে বললেন আগের রিপোর্টটা মনে হয় ভুল ছিল। সায়েমের বাবাকে ধন্যবাদ দিয়ে বললেন আপনি না বললে একটা অঘটন ঘটে যেতে পারতো। সায়েমের বাবা-মা খুশিতে বার বার আল্লাহকে সিজদাহ দিতে লাগলেন। সায়েমও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় আর গাছগুলোর কথা কাউকে বলেনা। কারণ তার এই কথা কেউ বিশ্বাস করবেনা।

প্রতি রাতেই গাছগুলো আসে সেবা করতে। মিষ্টি রস খাওয়াতে। সায়েম ঘুমের মধ্যে তাদের সাথে গল্প করে। সায়েম হাসপাতালে গ্রেফতার অবস্থায় ছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। একদিন পাহারাদার পুলিশগুলোর সাথে আরো অনেক পুলিশ আসলো। তারা সায়েমকে নিয়ে যাবে কারাগারে। সায়েমের বাবা-মা পুলিশগুলোর হাতে পায়ে ধরে বলতে থাকে ছেলেটা এখনো হাঁটতে পারেনা। এই অবস্থায় কারাগারে গেলে সে কিভাবে চিকিৎসা পাবে? কিন্তু কে শোনে কার কথা! জালিমরা হাসপাতাল থেকে সায়েমকে তুলে নিয়ে যায়। সায়েম হাত নেড়ে বিদায় জানায় সবাইকে। আবার কবে দেখা হবে কে জানে! মা সায়েমকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন। পুলিশ হ্যাঁচকা টান দিয়ে সায়েমকে গাড়িতে তুলে। ব্যাথায় কঁকিয়ে উঠে সায়েম।

কারাগারের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তবে এই ভয়াবহ পরিস্থিতিতেও ভালো আছে সায়েম। কারণ সারা রাত যখন সে ঘুমে থাকে তখন তার সাথে আড্ডা দিতে আসে গাছগুলো। সায়েমের যেসব বন্ধু তার সাথে দেখা করতে আসে সে সবাইকে বলে যেন তার গাছগুলোতে পানি দেয়া হয়। এভাবে কিছুদিন যায়। ইতিমধ্যে পুলিশ আবার সায়েমদের হলে যায়। জঙ্গী আস্তানার ভুয়া কথা বলে হল বন্ধ করে দেয়। এই খবর সায়েমের কানে পৌঁছায়। সে তার দুইজন সহকর্মীকে খবর পাঠিয়ে বলে যেন গাছগুলোর খবর নেয়। কিন্তু সবার অবস্থায়ই বেগতিক। কে কার খোঁজ নেয়!

সায়েম এখন সুস্থ। আগের মতই হাঁটতে পারে। কিন্তু দুঃখের কথা গাছগুলো আর আগের মত স্বপ্নে দেখা দেয়না। গত এক সপ্তাহ একবারও আসেনি। সায়েম তার বন্ধু সহকর্মীদের খবর পাঠায়। তাদের মাধ্যমে জানতে পারে তার প্রিয় গাছবন্ধুগুলো আর নেই। পানির অভাবে সব মারা গিয়েছে। ভীষন শক খায়। এ যেন পুলিশের দেয়া বৈদ্যুতিক শকের চাইতেও বেশী। এখন পানিই খেতে পারেনা সায়েম। মনে হয় যেন গলায় কাঁটার মত বিঁধে পানিগুলো। 

দীর্ঘ সাত মাস পর কারাগার হতে মুক্তি পায় সায়েম। বের হয়েই প্রথমে হলে আসে। প্রহরীতো প্রথমে খুলতে চায়না, গাছের প্রতি সায়েমের ভালোবাসার কথা সে জানতো তাই আর বেশীক্ষন বাধা না দিয়ে দরজা খুলে দেয়। জনমানবহীন হলে সায়েম দৌড়ে দৌড়ে তার রুমে আসে। কঙ্কাল হয়ে আছে তার প্রিয় গাছগুলো। মানুষহীন হলের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান হয় সায়েমের আর্তনাদে। শুকিয়ে যাওয়া ফুলগাছগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। প্রহরীরাও অপরাধীর মত দাঁড়িয়ে কাঁদতে থাকে।


সবগুলো গাছ টবসহ তুলে নিয়ে আসে হল থেকে। চলে আসে নিজেদের বাড়িতে। নিজের হাতে পাঁচটি কবর খুঁড়ে সমাহিত করে ফুলগাছগুলো। ছোট ছোট সাইনবোর্ড বানিয়ে কবরগুলোর সামনে লিখে দেয়। হাসনাহেনা, শিউলি, টগর, বেলী, আলমান্ডা। তারপর কিছুদিন পর সে বাড়িও ছাড়তে হয়। কারণ ফ্যাসিস্ট পুলিশ তার পিছু ছাড়েনা। এখন সে শহরে নাম গোপন করে বসবাস করে। এতদিনে সে সফল ব্যবসায়ীও হয়ে গিয়েছে। তবুও সে একমুহুর্ত ভুলে থাকতে পারেনা গাছগুলোকে। সেই গাছগুলো যে গাছগুলো নিজেদের রস নিংড়ে তাকে পানি খাইয়েছে। একদিন পানির অভাবেই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তাই এখনো সুযোগ পেলেই সায়েম তার গাড়ি নিয়ে রাতের আঁধারে বের হয়ে পড়ে। যেভাবে একসময় অনেকগুলো রাতে তাকে সময় দিয়েছে গাছগুলো। 



               

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

অধ্যাপক গোলাম আযম রঃ, আমাদের ইমাম



কিছু মানুষের জন্মই হয় হিরো হওয়ার জন্য। পাঞ্জেরী হওয়ার জন্য। তাদের দিকে তাকিয়ে মানুষ আগুনে ঝাঁপ দিতেও কার্পন্য করেনা। এদের পুরো জীবনটাই সাক্ষী হয়ে থাকে মানবজাতির জন্য। এরা শহীদ, সাক্ষ্যদাতা। জীবনের প্রতিটি কাজে ইসলামের সাক্ষ্য দেয়াই ওনাদের কাজ।

এমন একজন কিংবদন্তি মানুষ অধ্যাপক গোলাম আযম।
৭১ সালের বাম-রামদের যৌথপ্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন হলে অনেকে মনে করেছে এদেশে ইসলামী আন্দোলন আর কোনদিন দাঁড়াতে পারবে না। মনে বল নিয়ে বিদেশে থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিয়েছেন। একের পর এক ষড়যন্ত্রের মুখে ছিলে অবিচল, নিঃসংকোচ, নিরুদ্বিগ্ন। মহান রবের প্রতি অবিচল আস্থায় যেকোন পরিস্থিতে শান্ত থাকার অনুপ্রেরণা তিনি।

তিনি এমন এক আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিয়েছেন যেখানে দুনিয়াবী কোন স্বার্থ পাওয়া যায়না। যে দেশে রাজনীতি একটি লাভজনক ব্যবসা সে দেশে তিনি মানুষকে পকেট থেকে টাকা বের করে সমাজের উপকার করার রাজনীতি শিখিয়েছেন। তিল তিল করে কঠিন সময়গুলো পার করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। যুদ্ধাপরাধ বিচারের নামে ওনাকে হত্যা করার পাঁয়তারার সময় গ্রেপ্তারের প্রাক্কালে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল আপনার ভয় করছে না? তিনি জবাব দিলেন, তিনি জবাব দিলেন,ভয়? ভয় কিসের? ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে শাহাদাতের কামনা করেছি সারা জীবন...আর অন্যায়ভাবে যদি মৃত্যু দেয়া হয় শহীদ হওয়ার গৌরব পাওয়া যায়... আল্লাহকে ছাড়া কাউকে "ভয় করাতো জায়েজই নাই,আল্লাহ ছাড়া কাউকে ভয় করার অনুমতি নাই।"

গতবছরের এমন দিনে একটি দুইদিনের প্রশিক্ষনের শেষ দিন ছিল। যখন খবর পেলাম আমাদের ইমাম আর নেই তখন নিজেকে ধরে রাখাটা খুব কষ্টকর হচ্ছিল। যদিও জানি সবাইকে মৃত্যুবরণ করতে হয়। তারপরও যেন মানতে পারছিলাম না। বার বার চিৎকার করে বলতে ইচ্ছে করছিলো না, কখনো না, গোলাম আযম মরতে পারেনা। এক অর্থে গোলাম আযমদের মৃত্যু নেই। তাঁরা শহীদ। শহীদের মৃত্যু হয়না। আমরা তা সহজে বুঝতে পারিনা। শুধু তাই নয়, আল্লাহ তায়ালা আরো বলেছেন শহীদেরা আল্লাহর পক্ষ থেকে রিযিক প্রাপ্ত হন। হে আল্লাহ তুমি আমাদের ইমামকে শহীদ হিসেবে কবুল করে নাও।

জুমুয়ার নামাজের পর চট্টগ্রামের প্যারেড মাঠে জানাজার নামাজে শুধু চোখ দিয়ে পানি ঝরছিলো। বক্তারা কি বলছিলো এগুলো কোন কিছুই আমার মাথায় ঢুকেনি। আমি কেবলই চোখ মুছেছি। যতবারই চোখ মুছি আবারো চোখ ঝাপসা হয়ে যায়। এরপর হাল ছেড়ে দিয়েছি। অবিরল ধারায় ঝরে পড়া অশ্রুকে পড়তে দিয়েছি। আজও যখন পোস্টটা লিখছি বার বার ল্যাপটপের স্ক্রীন ঝাপসা হয়ে যাচ্ছে। ওগো
মাবুদ তুমি আমার ইমামকে, আমার হিরোকে, আমার পাঞ্জেরীকে, আমার আমীরকে তোমার মেহমানকে শান্তিতে রাখো। আমি জানি তুমি উত্তম মেহমানদার। তোমার সেরা গোলাম "গোলামে আযমকে" পুরষ্কিত করো। আমীন


বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

চিত্তরঞ্জন, কালীদাস আর স্বাধীন বঙ্গভূমি


ভারতীয় গোয়েন্দা সংস্থার অপারেশনাল হেডকোয়ার্টার কোলকাতার ভবানীপুরে ১৯৬২ সালে চিত্তরঞ্জন সূতার ও কালিদাস বৈদ্যকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি সংস্থা গঠিত হয়। আমার জানামতে আমাদের তথাকথিত স্বাধীনতা নিয়ে এটিই সর্বপ্রথম কোন উদ্যোগ। এবার আসুন এই দুইজনকে নিয়ে একটু আলোচনা করা যাক, 

চিত্তরঞ্জন সূতারঃ
১৯৫১ সালের শেষদিকে তিনি পূর্বপাকিস্তানে প্রবেশ করেন। সাথে ছিলেন কালিদাস বৈদ্য ও নিরোধ মজুমদার। তিনি রিচার্স এন্ড এনালাইসিস উইং (R&AW) এর কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৭১ সালে ভবানীপুরের ২৬ নম্বর রাজেন্দ্র প্রসাদ সড়কে বাস করতেন। ভারতীয় পাসপোর্টে তার নাম ভুজঙ্গ ভূষন রায়। তাছাড়া তিনি বাংলাদেশের দক্ষিনাঞ্চলকে হিন্দু রাজ্যে পরিণত করার জন্য “স্বাধীন বঙ্গভূমি” নামে  আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে তার নাম হচ্ছে পার্থ সামন্ত। ৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা তথা দেশ বিভাগের পর থেকে ২০০২ সালের নভেম্বর মাস পর্যন্ত ৫৩ বছরের মধ্যে প্রায় ৩৯ বছর কাটিয়েছেন কলিকাতায়।

১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সময় নির্দলীয় ব্যানারে পূর্ববাংলার প্রাদেশিক পরিষদ এবং আওয়ামী লীগের টিকেটে ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সনের ১১ আগস্ট তত্কালীন বাকশাল দলের এই এমপি ভারতে যাওয়ার পর আর কখনও বাংলাদেশে ফিরে আসেননি। প্রায় এক যুগ আগে দিল্লীতে মারা যাওয়ার আগ পর্যন্ত কলিকাতার ভবানীপুরের বাসভবন সানি ভিলায় স্থায়ীভাবে বসবাস করতেন। কখনো বামদল, কখনও নির্দল, কোন সময় নেপথ্যচারী এবং স্বাধীনতার পর দুই বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় দেখা গেছে তাঁকে। আবার ৭০ সালের নির্বাচনের সময় তফশিলী হিন্দু সম্প্রদায় ভিত্তিক নতুন রাজনৈতিক সংগঠন গণমুক্তি দলের রূপকার ছিলেন চিত্ত সুতার। ৭৫ সালে বাকশাল গঠনেও ছিল তাঁর বিশেষ ভূমিকা। ১৯৫৭ সালে আওয়ামী লীগের সভাপতি মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে চিত্তরঞ্জন সুতার সে দলে যোগ দেন ।

কালিদাস বৈদ্যঃ
তিনি সূতারের সাথে বাংলাদেশে প্রবেশ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তখন থেকেই তিনি পূর্বপাকিস্তানকে পূর্ববঙ্গ নামে মুক্তির জন্য তৎপর। যদিও তিনি পাকিস্তান ভাঙ্গার এজেন্ডা নিয়েই এদেশে প্রবেশ করেছেন তবুও তিনি প্রচার করতেন এদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় বলেই তিনি ভাংতে চেয়েছেন। তিনি বাংলা সেনা নামে একটি সংগঠনের প্রধান ছিলেন। যেটি বাংলাদেশে নিষিদ্ধ ছিল। তিনি কোলকাতা হতে এই সংগঠন পরিচালনা করতেন। ১৯৮২ সালে চিত্তরঞ্জনের বঙ্গভূমি আন্দোলন একটা গুরুত্বপূর্ণ মোড় নেয়। ঐ বছরের ২৫শে মার্চ ঘোষিত হয় স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র। তৈরী হয় ‘সৈন্য বাহিনী’ বঙ্গসেনা। সৈনাধ্যক্ষ ডাঃ কালিদাস বৈদ্য।

স্বাধীন বঙ্গভূমির ইতিকথাঃ
বাংলাদেশের দু’টুকরো করে হিন্দুদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য জোর তৎপরতা চলছে। বাংলাদেশের এক তৃতীয়াংশ ২০,০০০ বর্গমাইল এলাকা নিয়ে স্বাধীন বঙ্গভূমি গঠনের উদ্যোগ আয়োজন চলছে অনেকদিন  ইতিমধ্যেই ঘোষিত হয়েছে স্বাধীন বঙ্গভূমি সরকার। 
রাষ্ট্রপতিঃ পার্থ সামন্ত। 
রাজধানীঃ সামন্তনগর (মুক্তি ভবন)। 
সবুজ ও গৈরিক রঙের মাঝে সূর্যের ছবি নিয়ে নির্দিষ্ট হয়েছে জাতীয় পতাকা। 
জাতীয় সঙ্গীতঃ ধনধান্যে পুষ্পে ধরা, আমাদের এই বসুন্ধরা। 
সীমানাঃ উত্তরে পদ্মা, পূর্বে মেঘনা, পশ্চিমে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর। প্রস্তাবিত সীমানার মধ্যে পড়েছে বাংলাদেশের ছয়টি জেলাঃ খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালী। 

এই ছয়টি জেলা নিয়েই ২৫ মার্চ ১৯৮২ ঘোষিত হয়েছে তথাকথিত স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র। স্বাধীন বঙ্গভূমিকে বাস্তব রূপ দেওয়ার সমস্ত উদ্যোগই চলছে কিন্তু পশ্চিম বঙ্গ থেকে। নেপথ্য নায়করা সবাই জানেন এই রাজ্যেই বাংলাদেশ সীমান্ত বরাবর বিভিন্ন জেলা - ২৪ পরগনা, নদীয়া এবং উত্তর বাংলায় চলছে ব্যাপক তৎপরতা। সেসময় ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা কাদের (বাঘা) সিদ্দিকী এবং চিত্তরঞ্জন সূতার মদদ দিচ্ছেন হিন্দু রাষ্ট্রের পক্ষে। প্রবক্তাদের যুক্তি বাংলাদেশে মুসলমানদের শাসন চলছে। হিন্দুদের জীবন ও সম্পত্তি তাদের হাতে নিরাপদ নয়। বিশেষত বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষনার পর ঐ দেশের হিন্দুরা পরাধীন জীবন যাপন করছে। তাই প্রয়োজন হিন্দুদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র-বঙ্গভূমি।

বঙ্গভূমি আন্দোলনের আনুষ্ঠানিক সংগঠক নিখিল বঙ্গ নাগরিক সংঘ। ১৯৭৭ সালের ১৫ আগস্ট কলকাতায় এই সংগঠনকির জন্ম হয়। জন্ম উপলক্ষে ১৫৯ গরফা মেইন রোডের সভায় নাকি উপস্থিত ছিলেন একজন আইএএস অফিসার অমিতাভ ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কালিদাস বৈদ্য (এমবিবিএস ডাক্তার), সুব্রত চট্টোপাধ্যয় (বিলাত ফেরত ইঞ্জিনিয়ার), নীহারেন্দ্র দত্ত মজুমদার (পশ্চিম বাংলার প্রাক্তন আইনমন্ত্রী) এবং শরৎ চন্দ্র মজুমদার (বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী)। অন্য সূত্রের খবর চিত্তরঞ্জন সূতারও ঐ সভায় হাজির ছিলেন। ১৭ সেপ্টেম্বর সংস্থা গোলপার্কে সভা করে প্রথম প্রকাশ্যে হোমল্যাণ্ড দাবী করে। এরপর মাঝে মধ্যে সভা-সমাবেশ হত। এর মধ্যেই নিখিল বঙ্গ নাগরিক সংঘে ভাঙন ধরে। ১৯৭৯ সালে হয় দু’টুকরো। ডাঃ কালিদাস বৈদ্যের নেতৃত্বাধীন নিখিল বঙ্গ নাগরিক সংঘের ঠিকানাঃ গরফা মেইন রোড। সুব্রত চ্যাটার্জির নেতৃত্বাধীন নিখিল বঙ্গ নাগরিক সংঘের ঠিকানাঃ ৮০ ধনদেবী মান্না রোড, নারকেলডাঙ্গা। এদের থেকে বেরিয়ে আর একটি অংশ তৈরী করে বঙ্গদেশ মুক্তিপরিষদ। ঠিকানা মছলন্দপুর। আরও একটি অংশ তৈরী করে সংখ্যালঘু কল্যাণ পরিষদ। চলে চিত্ত সুতারে ভবানীপুরের বাড়ী থেকে।

১৯৮২ সালে বঙ্গভূমি আন্দোলন একটা গুরুত্বপূর্ণ মোড় নেয়। ঐ বছরের ২৫শে মার্চ ঘোষিত হয় স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র। তৈরী হয় সৈন্য বাহিনী “বঙ্গসেনা”। সৈনাধ্যক্ষ ডাঃ কালিদাস বৈদ্য। সুব্রত চ্যাটার্জীর গ্রুপ ঐ ঘোষণা না মানলেও বঙ্গভূমি দখলের জন্য ঐ বছরেই তৈরী করে অ্যাকশন ফোরাম বাংলা লিবারেশন অর্গানাইজেশন (বিএলও)। আরও পরে বঙ্গদেশ মুক্তি পরিষদ তৈরী করে সৈন্য বাহিনী লিবারেশন টাইগার্স অব বেঙ্গল (বিএলটি)। নেতা রামেশ্বর পাশোয়ান একজন বিহারী, থাকেন গরফার রামলাল বাজারে। এরপর বিভিন্ন সংগঠন মাঝে মাঝেই বঙ্গভূমি দখলের ডাক দেয়। সীমান্ত অভিযান করে। কিন্তু কখনই ব্যাপারটা এদেশের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পায়নি। 

৮৮ এর জুলাই থেকে অবস্থাটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। ঐ বছর ২২ জুলাই বঙ্গসেনা একটি সম্মেলন করে। এরপরই শুরু হয় একের পর এক কর্মসূচী। সীমান্ত জেলাগুলোতে চলতে থাকে একের পর এক সমাবেশ মিছিল মিটিং। ২৩ নভেম্বর বঙ্গভূমি দখলের জন্য বনগাঁ সীমান্ত অভিযানে ৮/১০ হাজার লোক হয়। ২২-২৩ জানুয়ারী বনগাঁ থেকে বঙ্গসেনার মহড়া হয়। ২৪ মার্চ ও ২৫ মার্চ হয় আবার বঙ্গভূমি অভিযান। ৭ এপ্রিল রাজীব গান্ধীর কলকাতা আগমন উপলক্ষে সিধু কান ডহরে বিএলও এক জমায়েতের ডাক দেয়। প্রত্যেকটা কর্মসূচীতে ভাল লোক জড়ো হয়। বাংলাদেশে গেল গেল রব উঠে। এপারের সংবাদ মাধ্যমগুলো এই প্রথম গুরুত্ব সহকারে মনোনিবেশ করে খবর প্রচার করে।

স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের নেপথ্য নায়কদের আসল পরিচয় কি? কি তাদের আসল উদ্দেশ্য? কে এই রাষ্ট্রপতি পার্থ সামন্ত? কি ভূমিকা নিচ্ছেন ভারত সরকার?  দীর্ঘ অনুসন্ধানে এটা স্পষ্ট হয়েছে, স্বাধীন হিন্দুরাষ্ট্র তৈরীর চেষ্টা আজকের নয়। পঞ্চাশের দশকেই হয়েছিল এর ব্লুপ্রিন্ট। বঙ্গভূমি ও বঙ্গসেনা পুস্তিকায় ডাঃ কালিদাস বৈদ্য নিজেই স্বীকার করেছেন যে, ১৯৫২-তে তাঁরা তিনজন যুবক কলকাতা থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে যান এবং সংখ্যালঘুদের মুক্তির জন্য ব্যাপক কর্মতৎপরতা চালান। গোপনে স্বাধীনতা ও তার সঙ্গে স্বতন্ত্র বাসভূমির কথাও প্রচার করেন। ঐ তিন যুবক হলেন কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন সুতার এবং নীরদ মজুমদার (মৃত)। আর এই প্রেসিডেন্ট পার্থ সামন্তই হলে চিত্তরঞ্জন সূতার।

বাংলাদেশে বেশ কিছু কাগজে লেখা হয়েছে বঙ্গভূমি আন্দোলন ভারতেরই তৈরী। ৭৮ সালের জুলাই থেকেই বঙ্গভূমি আন্দোলন ধীরে ধীরে দানা বাধতে শুরু করে। এটা কি নেহাৎই কাকতালীয়? ১৯৮২ সালে যখন “স্বাধীন বঙ্গভূমি সরকার” ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশের কাগজগুলিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মূল সুর ছিল, ইন্দিরার মদদেই এসব হচ্ছে।

প্রথম আন্দোলনের মূল হোতা ডাঃ কালিদাস বৈদ্য এবং রহস্যময় চরিত্র চিত্তরঞ্জন সূতার তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে বহুকাল ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পিছনেও ছিল তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। বস্তুত ভারতীয় এজেন্ট হিসেবেই এই দু’জন এবং নীরদ মজুমদার তৎকালীন পূর্ববঙ্গে গিয়েছিলেন। চিত্তবাবু ওখানে রাজনৈতিকভাবেও বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মূলত তার ভারত সরকারের সঙ্গে যোগাযোগের জন্য। সংসদের সদস্যও হয়েছিলেন।

ডাঃ বৈদ্য এতটা পারেননি। পরবর্তীকালে দুইজনের মধ্যে বিরোধও হয়। ডাঃ বৈদ্য ভারত সরকারের সমর্থন হারান। কিন্তু মুজিব সরকারের ওপর প্রভাব খাটাবার জন্য চিত্তরঞ্জন সূতারকে ভারত সরকার চিরকালই ব্যবহার করেছে।  অনেকেই বলে, তাঁর সোভিয়েত কানেকশন নাকি প্রবল। চিত্তবাবু ভবানীপুরের রাজেন্দ্র রোডের বিশাল বাড়িতে সপরিবারে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন। কোথা থেকে আসে ঐ টাকা? ভারত সরকার কেন তাকে জামাই আদরে পুষছেন? তার বসতবাড়িটাও দুর্ভেদ্যও। পাহারা দেন বেশকিছু শক্ত সমর্থ যুবক। যারা বাংলাদেশে আওয়ামী লীগ করত। বনগাঁ লাইনে বঙ্গভূমি সমর্থকদের মধ্যে ব্যাপক প্রচার যে, ঐ বাড়িটাই বঙ্গসেনার ঘাঁটি। ভারত সরকারের মদদের আরও প্রমাণ, রাজীব গান্ধীর বিবৃতি। তিনি একাধিকবার বিবৃতি দিয়েছেন যে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বাড়ছে অনুপ্রবেশ। আকাশবাণী থেকেও একাধিকবার প্রচার হয়েছে। 

ভারত সরকারের সঙ্গে যোগাযোগের কথা ডাঃ বৈদ্যও অস্বীকার করেননি। তিনি বলেন, মদদ নয় প্রশ্রয় দিচ্ছে বলতে পারেন। তবে মদদ দিতেই হবে। আমরা জমি প্রস্তুত করছি। তিনি বলেন, আমি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, কিভাবে রাখছি, কার মাধ্যমে রাখছি বলব না। আমার বক্তব্য ক্রমাগতই তাদের বোঝাবার চেষ্টা করছি। সত্যিই যদি যথেষ্ট লোকজন জড় করতে পারি, তবে ভারত সরকারকে সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করতেই হবে। আমার একটা সরকার আছে। সৈন্যবাহিনী আছে। ভারতীয় সৈন্যবাহিনী বঙ্গসেনা নামেই ঢুকবে বাংলাদেশে। আমরা সেই পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছি। 

বঙ্গভূমি পন্থীরা চান বাংলাদেশের হিন্দুদের ওপর বাংলাদেশ সরকার ব্যাপক অত্যাচার চালাক। যাতে তারা দলে দলে সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে। শরণার্থীদের বোঝা বইতে হবে ভারত সরকারকে। ফলে বাধ্য হয়েই তাদের হস্তক্ষেপ করতে হবে। এজন্য বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন বড় বড় শহরে কিছু অন্তর্ঘাতমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। তাদের আরও একটা ইচ্ছা, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক, ব্যাপক হিন্দু নিধন হোক, যাতে এদেশের সংখ্যাগুরু হিন্দুদের সেন্টিমেন্টকে খুশী করার জন্য ভারত সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

বঙ্গভূমির ফেরিওয়ালাদের স্পষ্ট বক্তব্যঃ ভারত সরকারকে বেছে নিতে হবে দু’টোর একটা। তারা দেড় কোটি হিন্দু শরণার্থীর দায়িত্ব নেবেন, নাকি স্বাধীন হিন্দুরাষ্ট্র “বঙ্গভূমি” তৈরী করে দেবেন, যে বঙ্গভূমি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিকিমের মত ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত হবে?"

তথ্যসূত্রঃ 
১- বাংলাদেশে যুদ্ধাপরাধঃ বহুমাত্রিক বিশ্লেষন / এম আই হোসেন 
২- Sheikh Mujib Triumph and Tragedy / Sayyid A. Karim
৩- একশ বছরের রাজনীতি/ আবুল আসাদ 
৪- দৈনিক ইত্তেফাক, ৪ জুন ২০১৩